স্টাফ রিপোর্টার, ঢাকা: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর উত্তরার হাই কেয়ার হাসপাতালে গেছেন কমল গ্রুপের চেয়ারম্যান মীর কাশিম কমল। রোববার (২৭ সেপ্টেম্বর) বাদ মাগরিব হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসাধীন সাইদুর রহমান বাচ্চুর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের কাছে খোঁজখবর নেন। এ সময় মীর কাশিম কমল বাচ্চুর দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর পরিবার-পরিজনের জন্যও দোয়া করেন।
সাইদুর রহমান বাচ্চু গত ২০ সেপ্টেম্বর অসুস্থ হয়ে প্রথমে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি উত্তরার হাই কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দলীয় ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ সাইদুর রহমান বাচ্চু তৃণমূল পর্যায় থেকে রাজনীতিতে উঠে এসেছেন। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, তাদের খোঁজখবর নেওয়া এবং দলীয় কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতেও সিরাজগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন কর্মসূচিতে তাঁকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে। চলতি মাসের শুরুতেও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা পর্যায়ের কর্মসূচিতে তিনি বক্তব্য দেন।এদিকে ১৮ সেপ্টেম্বর সিরাজগঞ্জ শহরে সংঘর্ষের পর তাঁর বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ঘটনার পর তিনি বিচার দাবি করেন। এর এক দিন পরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।
সাইদুর রহমান বাচ্চুর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সিরাজগঞ্জের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। এর আগে বিভিন্ন পর্যায়ের নেতারাও হাসপাতালে গিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।হাসপাতালে বাচ্চুকে দেখতে গিয়ে মীর কাশিম কমল তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে তিনি তাঁর পরিবার ও স্বজনদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং সাইদুর রহমান বাচ্চুর সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে দোয়া কামনা করেন।









