২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় আবারও ধস নেমেছে। এ বছর প্রতি একশ জনে ৭ জন বেশি ফেল করেছেন। এইচএসসি ও সমমান পরীক্ষায় ২০২৫ সালে পাসের হার ছিল ৫৮.৮৩%। ২০২৪ সালের তুলনায় সে বছর পাসের হার প্রায় ১৮.৯৫% কম ছিল। এ বছর তা আরও কমেছে। এ বছর পাস করেছেন মাত্র ৫২.১২% শিক্ষার্থী।
এ বছর কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। গত বছর ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। এ বছর ওই সংখ্যা কমে ৪০ হাজার ৮৪তে নেমেছে। পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন। ছাত্রদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন (পাসের হার ৪৭.৭৫ শতাংশ) এবং ছাত্রীদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন (পাসের হার ৫৬.৩১ শতাংশ)।
জিপিএ-৫- এগিয়ে ছাত্ররা
এ বছর পাসের হারের দিক থেকে ছাত্রীরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এগিয়ে ছাত্ররা। এ বছর মোট জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার ৮৪ জনের মধ্যে ছাত্রী ১৯ হাজার ৭২১ জন এবং ছাত্র ২০ হাজার ৩৬৩ জন।সারা দেশে মোট ২ হাজার ৭৬০টি কেন্দ্রে ৯ হাজার ৩৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেন। সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ। এতে অংশ নেন ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন শিক্ষার্থী, যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন।









