সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলার অভিযোগের ঘটনায় আজ সরেজমিনে তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে বিএনপির গঠিত তদন্ত কমিটি।
তদন্ত কমিটির প্রধান ও জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানার নেতৃত্বে তদন্তকারী দল প্রথমে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় হামলার ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়।
পরে তদন্তকারী দল রায়গঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী, স্থানীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করেন। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার সময়, হামলার ধরন, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের ভূমিকা এবং ঘটনার আগে-পরে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া হয়।
তদন্ত কমিটির সদস্যরা জানান, সংগৃহীত তথ্য, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং ঘটনাস্থল পরিদর্শনের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টতার বিষয়গুলো যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন উপস্থাপন করা হবে।
সরেজমিনে তদন্তকালে তদন্ত কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহপ্রচার সম্পাদক রেজাউল করিম খান, তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক এম. দুলাল উদ্দিন আহমেদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান এবং সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ।
তদন্ত কমিটির এই সরেজমিন পরিদর্শন ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণের মধ্য দিয়ে ভিপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনাটি নিয়ে নিরপেক্ষভাবে প্রকৃত তথ্য উদঘাটনের প্রক্রিয়া এগিয়ে গেল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।









