স্টাফ রিপোর্টার, ঢাকা: অসুস্থ হয়ে ঢাকার উত্তরা হাই কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এবং উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার জাহিদ (জাহিদ মাস্টার)।
সাইদুর রহমান বাচ্চুর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান আনোয়ার জাহিদ। সেখানে তিনি বাচ্চুর চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে অবগত হন। এ সময় তিনি বাচ্চুর দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।
হাসপাতালে চিকিৎসাধীন নেতার শারীরিক অবস্থার পাশাপাশি তাঁর পরিবারের প্রতিও আন্তরিক সহমর্মিতা জানান আনোয়ার জাহিদ। সম্প্রতি সিরাজগঞ্জে বাচ্চুর বাসভবনে হামলার পর অসুস্থ হয়ে পড়া পরিবারের সদস্যদেরও তিনি খোঁজখবর নেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রতি সমবেদনা জানান এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় আনোয়ার জাহিদ বলেন, “সাইদুর রহমান বাচ্চু দীর্ঘদিন ধরে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। তাঁর অসুস্থতার খবর আমাদের সবাইকে ব্যথিত করেছে। একজন সহযোদ্ধা যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তখন তাঁর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন বাচ্চু ভাইকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং তাঁর পরিবারকে এই কঠিন সময় মোকাবিলার শক্তি দেন।”
তিনি আরও বলেন, রাজনৈতিক সহযোদ্ধাদের সুখে-দুঃখে পাশে থাকা শুধু সাংগঠনিক দায়িত্ব নয়, এটি পারস্পরিক মানবিক সম্পর্ক ও দায়িত্ববোধেরও বহিঃপ্রকাশ। সাইদুর রহমান বাচ্চুর চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা এবং তাঁর পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে সাইদুর রহমান বাচ্চুর অসুস্থতার খবরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও তাঁর দীর্ঘদিনের সহযোদ্ধাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর দ্রুত সুস্থতা কামনা করে অনেকে দোয়া ও শুভকামনা জানাচ্ছেন। বাচ্চুর পরিবারের পক্ষ থেকেও তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।









