আশরাফুল খান,স্টাফ রিপোর্টার: গার্মেন্টস পোশাক শ্রমিক আন্দোলনের আড়ালে নৈরাজ্য, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং বাস, ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে গাজীপুরে মিছিল করেছে শ্রমিক দল।
৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা–গাজীপুর–টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ উদ্দিন যুবরাজের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
জানা যায়, সাম্প্রতিক সময়ে গার্মেন্টস পোশাক শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সৃষ্ট নৈরাজ্যকর পরিস্থিতি, শিল্পপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং সাধারণ মানুষের চলাচলে ব্যবহৃত যানবাহনে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানাতে এ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলের আয়োজকদের বক্তব্য অনুযায়ী, শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ের আন্দোলনকে কেন্দ্র করে একটি মহল নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের নামে শিল্পপ্রতিষ্ঠান, যানবাহন ও সাধারণ মানুষের সম্পদের ক্ষতিসাধন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তাঁরা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া নিয়ে আলোচনা ও সমাধানের পথ খোলা থাকা উচিত। তবে আন্দোলনের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ ও জনদুর্ভোগ সৃষ্টি করা হলে তা শ্রমিকদের স্বার্থকেই ক্ষতিগ্রস্ত করে। এ ধরনের কর্মকাণ্ডের ফলে শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের জীবিকা ও স্বাভাবিক চলাচলেও নেতিবাচক প্রভাব পড়ে।
মিছিল থেকে শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ জানানো হয় এবং শিল্পপ্রতিষ্ঠান, যানবাহন ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। এ সময় আলহাজ উদ্দিন যুবরাজের নেতৃত্বে শ্রমিক দলের নেতাকর্মীরা শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষা এবং আন্দোলনের নামে সহিংসতা ও নৈরাজ্য বন্ধের দাবি জানান।









