স্টাফ রিপোর্টার: পিতার জনসেবার ঐতিহ্য ও আদর্শকে ধারণ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন হাজী মোঃ রমিজ উদ্দিন মোল্লা (রমু) । বৃহত্তর উত্তরা এলাকার চেয়ারম্যানপাড়া, বর্তমান দক্ষিণ খান থানার ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের সন্তান তিনি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন তিনি।
১৯৭৮ সালে জন্মগ্রহণকারী হাজী মোঃ রমিজ উদ্দিন মোল্লা (রমু) জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। পরবর্তী সময়ে দক্ষিণ খান থানা যুবদলের প্রতিষ্ঠাতা সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বলেও জানান তিনি। তাঁর দাবি, রাজনৈতিক জীবনে বিভিন্ন প্রতিকূলতা ও বাধাবিপত্তির মুখোমুখি হয়েছেন এবং বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তাঁদের পরিবারের সদস্যরা হামলা ও মামলার শিকার হয়েছেন।
পিতার জনসেবার ঐতিহ্য এগিয়ে নেওয়ার প্রত্যয়: রমিজ উদ্দিন মোল্লার পিতা সাবেক চেয়ারম্যান হাজী মোঃ খলিল উদ্দিন মোল্লা দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি প্রায় ২৭ বছর মেম্বার এবং ৯ বছর দক্ষিণ খান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি বৃহত্তর উত্তরা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
সাবেক চেয়ারম্যান হাজী মোঃ খলিল উদ্দিন মোল্লার অর্থায়নে নিজ উদ্যোগে এলাকায় প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা ৪৮ নম্বর ওয়ার্ডে, দক্ষিণ খান দারুল উলুম মাদ্রাসার সম্প্রসারণে চার কাঠা জমি দান, দক্ষিণ খানে ঈদগাহ মাঠ প্রতিষ্ঠা তিন বিঘা জমিতে মধুবাগ কবরস্থান নিজ অর্থায়নেপ্রতিষ্ঠাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করা হয়। এ ছাড়া রাস্তা পাকা করা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসায় সহযোগিতার কথাও উল্লেখ করেন পরিবারের সদস্যরা। পিতার রেখে যাওয়া এই জনসেবার ধারাবাহিকতা বজায় রেখে এলাকার অসমাপ্ত উন্নয়নকাজ এগিয়ে নিতে চান হাজী মোঃ রমিজ উদ্দিন মোল্লা। তাঁর মতে, জনপ্রতিনিধি হওয়ার মূল উদ্দেশ্য হলো মানুষের আস্থা অর্জন এবং নাগরিক সমস্যার কার্যকর সমাধান করা।
নাগরিক সেবা ও সামাজিক উন্নয়নে গুরুত্ব: নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে উঠান বৈঠক ও মতবিনিময়ের পরিকল্পনা করছেন তিনি। বিশেষ করে শ্রমজীবী মানুষ, নিম্নআয়ের পরিবার, নারী ও তরুণদের সমস্যা ও প্রত্যাশা শুনে উন্নয়ন পরিকল্পনা সাজাতে চান। তাঁর বক্তব্য অনুযায়ী, এলাকার রাস্তা ও ড্রেনেজ সমস্যার সমাধান, পরিচ্ছন্ন পরিবেশ, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিতে চান তিনি। পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণদের গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যাশাও ব্যক্ত করেছেন। রমিজ উদ্দিন মোল্লা জানান, মানুষের বিপদে পাশে দাঁড়ানো কেবল জনপ্রতিনিধির দায়িত্ব নয়; এটি সামাজিক ও মানবিক দায়িত্বও। তাই এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে চান তিনি।
ভোটারদের আস্থা অর্জনই মূল লক্ষ্য: পিতার জনসেবার ইতিহাস, পারিবারিক ঐতিহ্য এবং স্থানীয় মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ককে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিতে চান হাজী মোঃ রমিজ উদ্দিন মোল্লা। আসন্ন নির্বাচনে দলীয় সমর্থন পাওয়ার প্রত্যাশাও জানিয়েছেন তিনি। তবে নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণ করবেন ভোটাররা। তাঁদের আস্থা অর্জনে বাস্তবসম্মত পরিকল্পনা, নাগরিক সমস্যার সমাধান এবং মানুষের পাশে থাকার ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পিতার আদর্শ, জনসেবার ঐতিহ্য ও মানুষের আস্থাকে সঙ্গে নিয়ে ডিএনসিসির ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিতে চান হাজী মোঃ রমিজ উদ্দিন মোল্লা। শেষ পর্যন্ত ভোটারদের রায়ই নির্ধারণ করবে, তিনি এলাকার মানুষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পান কি না।









