আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) মক্কা অঞ্চলে তাদের এ দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজেলের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী তাদের আটক করে।
বিবৃতিতে বলা হয়, আটকের পর তাদের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করা হয় এবং আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। পরবর্তী সময়ে মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হলে আদালত তাদের দোষী সাব্যস্ত করেন।
সৌদি কর্তৃপক্ষ জানায়, অপরাধের গুরুতরতা এবং মসজিদের মতো পবিত্র স্থানের মর্যাদা ও পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাদের বিরুদ্ধে বিবেচনামূলক শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের রায় দেন। পরবর্তী আইনি প্রক্রিয়ায় রায় বহাল থাকার পর দণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।
এরপর বুধবার, ১৪ অক্টোবর, মক্কা অঞ্চলে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে আরও বলা হয়, মসজিদের পবিত্রতা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি আইন প্রয়োগের ক্ষেত্রে সৌদি সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।
সূত্র: সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আজেল।









