, ,
, ,

এ সম্পর্কিত আরও খবর

উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে সাইদুর রহমান বাচ্চু

নিজস্ব  প্রতিবেদক : হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ শহরের মেডিনোভা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। পরে তাকে উত্তরা হাই কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

তার পরিবারের পক্ষ থেকে দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করা হয়েছে। সাইদুর রহমান বাচ্চু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তীতে যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে তিনি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ছাত্রজীবনে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে একাধিকবার জিএস নির্বাচিত হওয়ার কথাও তার রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে নেতাকর্মীরা তুলে ধরেন।

দলীয় নেতাকর্মীদের ভাষ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনে সাইদুর রহমান বাচ্চু নানা প্রতিকূলতা মোকাবিলা করেছেন। বিগত সরকারের সময়ে তার বিরুদ্ধে ৭০ এর অধিক মামলা ও বিভিন্ন ধরনের রাজনৈতিক হয়রানির অভিযোগ থাকলেও তিনি রাজনীতি থেকে সরে যাননি বলে তার অনুসারীরা দাবি করেন।

এদিকে সম্প্রতি সিরাজগঞ্জ শহরের ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও পাল্টাপাল্টি বক্তব্যের সৃষ্টি হয়েছে। বিএনপি নেতাকর্মীদের একাংশের অভিযোগ, নিজেদের রাজনৈতিক স্বার্থে দলেরই কিছু ব্যক্তি সাইদুর রহমান বাচ্চুর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার ও কটূক্তি করছেন।

এরই মধ্যে সম্প্রতি সাইদুর রহমান বাচ্চুর বাসভবনে হামলা, ভাঙচুর ও পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার অভিযোগ ওঠে। এ ঘটনায় তার পরিবার ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

দলীয় নেতাকর্মীদের দাবি, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা নির্যাতন ও প্রতিকূলতা মোকাবিলা করা সাইদুর রহমান বাচ্চু সাম্প্রতিক ঘটনাগুলোতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের ভাষ্য, এসব ঘটনার পর তার শারীরিক অসুস্থতাও বেড়ে যায়।

সাইদুর রহমান বাচ্চুর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার বিএনপি নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীরা তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে—“মহান আল্লাহ যেন সাইদুর রহমান বাচ্চুকে দ্রুত সুস্থতা ও পূর্ণ রোগমুক্তি দান করেন। সবাই তার জন্য দোয়া করবেন।”

এ সম্পর্কিত আরও খবর

Payment Due

Clear Your Payment for Accessing Control

Contact wephic for More Details